সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীদের ধর্মঘট স্থগিত

by News Room

ডেস্ক রিপোর্ট: ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও ইন্টার্ন নার্সদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বৃহস্পতিবার  সকাল ৯টা থেকে ঢাকার তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সিলেটে এসে তদন্ত করছে। এদিকে তদন্ত কমিটির আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার থেকে অবস্থান ধর্মঘট স্থগিত করেছে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা। তবে হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো গতকাল বৃহস্পতিবারও কর্মবিরতি দিয়ে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।ক্লাস-পরীক্ষা এবং হাসপাতালে সেবাদান থেকে বিরত থেকে সকাল সাড়ে ৯টা থেকে নার্সিং কলেজের সামনে অবস্থান নিয়ে তারা ধর্মঘট পালন করে।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক(প্রশাসন) ডা: আব্দুস সালাম জানান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও ইন্টার্ন নার্সদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য গতকাল রাতে সিলেটে এসে পৌছে ঢাকার উচ্চ পর্যায়ের একটি তদন্তকারী দল।৩ সদস্যের এ তদন্ত দলের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব মনিরুল ইসলাম। তার সাথে রয়েছেন স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক স্বপন কুমার তরফদার ও ঢাকা নার্সিং ইন্সটিটিউটের কর্মকর্তা তাসলিমা খাতুন।সকাল ৯টা থেকে হাসপাতালে তদন্ত কাজ শুরু করেন তারা।সকাল থেকে তারা হাসপাতালের যে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ওই ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলেছেন। এছাড়া তারা হাসপাতালের স্টাফ নার্স, ইন্টার্ন নার্স, ইন্টার্ন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন।
হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাভিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন ইন্টার্ন চিকিৎসকসহ ডাক্তার নার্সরা নিজেদের দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, আজ সকাল থেকে তারা আবার তদন্ত কাজ শুরু করবেন। ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ বেসিক নার্সেস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি নাসিমুল হক ইমরান জানান,আজ শুক্রবার থেকে অবস্থান ধর্মঘট স্থগিত করা হয়েছে।সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ থেকে ক্লাস ও পরীক্ষায় অংশ নেবে। তবে হাসপাতালের কোন সেবা কার্যক্রমে নার্সরা অংশ নেবেনা।তিনি বলেন ঢাকা থেকে আসা তদন্তকারী দল ৭দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়ে ঘটনার সুষ্ঠু বিচার করবে বলে তাদেরকে বলেছেন।এর জন্য তারা অবস্থান ধর্মঘট স্থগিত করেছেন।
উল্লেখ্য গত রোববার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথা কাটাকাটির জের ধরে ইন্টার্ন নার্সদের উপর হামলা চালান ইন্টার্ন চিকিৎসকরা।এ ঘটনার জের ধরে সোমবার সকাল থেকে ইন্টার্ন নার্সরা কর্মবিরতি পালন শুরু করেন।

You may also like

Leave a Comment