নিউজ ডেস্ক: পূর্ণাঙ্গ কমিটি গঠনের জের ধরে বিরোধে জড়িয়ে পড়েছে সিলেট জেলা ছাত্রলীগ। গত শুক্রবার দিবাগত রাতে জেলা ছাত্রলীগের ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পর থেকে বিক্ষুব্দ একটি পক্ষ কমিটি প্রত্যাখ্যান করেছে। শনিবার বিক্ষুব্দ পক্ষের নেতাকর্মীরা সংগঠন থেকে পদত্যাগের জন্য নগরীর একটি হোটেলে জড়ো হন। তবে ছাত্রলীগের সিনিয়র এক নেতার হস্তক্ষেপে তারা পদত্যাগ থেকে নিবৃত্ত হন।
এদিকে রবিবার বিকেলে কমিটি প্রত্যাখ্যান করে এবং জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করে নগরীতে ঝাড়– মিছিল করা হয়েছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন কথা বলেন সিলেটভিউ২৪ডটকম এর সাথে।জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে জাকির বলেন, ‘ছাত্রলীগ অনেক বড় সংগঠন। সংগঠনে অনেক নেতা রয়েছেন। কিন্তু গঠনতন্ত্রের বাধ্যবাধকতা থাকায় সবাইকে কমিটিতে স্থান দেয়া সম্ভব হয় না। অপেক্ষাকৃত ত্যাগী ও সক্রিয়দের দিয়ে যাচাই-বাছাই করে কমিটি গঠন করা হয়েছে।’
জাকির বলেন, ‘সিলেট জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান প্রাপ্ত কেউ পদত্যাগ করতে চাইলে কেন্দ্রে এসে পদত্যাগপত্র জমা দিতে পারে। আমরা তা গ্রহণ করব।’
জাকির আরও বলেন, ‘বিদ্রোহের নামে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ কর হবে। সংগঠন থেকে বহিস্কৃত কারো ইন্ধনে কোনো মিছিল, সভা-সমাবেশ বা কর্মসূচি পালিত হলে তার সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা থাকবে না।’
