সিলেটে বৃহস্পতিবার থেকে লকডাউন হচ্ছে নগরীর ২৪টি ওয়ার্ড

by News Room

করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য সিলেট সিটি করপোরেশনের আওতাধীন নগরীর ২৪টি ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে এসব ওয়ার্ডকে লকডাউন করার প্রস্তাব দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। আগামী বৃহস্পতিবার (১৮ জুন) রেড জোনের আওতায় থাকা নগরীর ১ থেকে ২৪ নং ওয়ার্ড লকডাউনের আওতায় আসতে পারে। মঙ্গলবার (১৬ জুন) সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক সভায় সিসিকের পক্ষ থেকে এ প্রস্তাবনা দেয়া হয়। এ ব্যাপারে আগামীকাল বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিবেন সিলেটের সিভিল সার্জন।

সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম নিরাপদ নিউজকে বলেন, নগরীর ১ থেকে ২৪ নং ওয়ার্ড পর্যন্ত রেড জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জানান,সিলেট সিটি কর্পোরেশন এলাকায় উত্তর সুরমায়- ১ থেকে ২৪ ওয়ার্ড সবগুলোই রেড জোনের আওতায় থাকছে। আর দক্ষিণ সুরমা এলাকার ২৫ ও ২৬ নং ওয়ার্ড গ্রিন জোন। ২৭ নং ওয়ার্ডে করোনা রোগী থাকলেও আপাতত দক্ষিণ সুরমা এলাকার ৩ ওয়ার্ডকেই রেড জোনে রাখা হচ্ছে না।

তাই এই তিন ওয়ার্ড নতুন নীতিমালার আওতায় থাকছে না। তবে উত্তর সুরমার ২৪টি ওয়ার্ডই আসছে নতুন লকডাউন নীতিমালার আওতায়। ডা.জাহিদুল ইসলাম আরো জানান এ মর্মে একটি লিখিত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখন সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামীকাল সিলেটের সিভিল সার্জন সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জানান, আজ সিলেটের প্রশাসনের সঙ্গে সভা করে একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে, বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে বলে আশা করছি।

তিনি আরো জানান,এবারের লকডাউন কঠোর হবে। সিলেটের জেলা প্রশাসক লকডাউন কার্যকর করতে সবার সঙ্গে আবার সভায় বসছেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশন এলাকার রেড জোনে ওষুধের দোকান ২৪ ঘণ্টা এবং মোদি দোকানগুলো বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর বাকি সকল ধরনের দোকান বন্ধ থাকবে। রেড জোনে এলাকায় সকল ধরনের গণপরিবহন ও ব্যাংকের শাখাগুলো বন্ধ খাকবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।


You may also like

Leave a Comment