সিলেটে পুলিশের বিশেষায়িত টিম ‘সিআরটি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

by News Room

স্টাফ রিপোর্ট:সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো পুলিশের বিশেষায়িত টিম সিআরটি (ক্রাইসিস রেসপন্স টিম)।

বুধবার (২৯ আগস্ট) সিলেট পুলিশ লাইন্সের শামসুল হক মিলনায়তনে সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সিআরটি’র বিভিন্ন কৌশলের মহড়া প্রদর্শন করা হয়।
সিআরটি সিলেট ইউনিটের চৌকশ সদস্যরা তাদের মহড়ায় তুলে ধরেন কিভাবে জঙ্গি নির্মুলে কাজ করবেন, মাদক চোরাচালানিদের ধরবেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ, অতিরিক্ত উপ কমিশনার ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ কমিশনার শাহরিয়ার আল মামুন, সিআরটি’র দুই প্রশিক্ষকসহ এসএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।

সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, জঙ্গি সির্মুলে বিশেষায়িত ইউনিট সোয়াতের আদলেই সিআরটি গড়ে তোলা হয়েছে। এই বিশেষায়িত টিম জঙ্গি নির্মুল, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধে কাজ করবে। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করার লক্ষ্যে সিআরটির সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সোয়াতের প্রশিক্ষকরা আমাদের টিমকে প্রায় একমাস জর্ডানে প্রশিক্ষণ দিয়েছেন। বর্তমানে সিলেটেও যুক্তরাষ্ট্রের দুজন প্রশিক্ষকের তত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন সিআরটি’র সদস্যরা। তিনি বলেন, বর্তমানে অপরাধীদের অপরাধ সংগঠনের কৌশল পরিবর্তন হচ্ছে, অপরাধীরা আগের তুলনায় অনেক বেশি কৌশলী। আর সেজন্যই অপরাধীদের দমনে পুলিশকে আরো বেশি কৌশলী হতে হয়। সিআরটি সেরকম একটি ইউনিট। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সিআরটি সদস্যরা পুলিশের অন্য ইউনিট গুলোর তুলনায় অনেক বেশি সক্ষম।

এসএমপি’র সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট মহানগর পুলিশের ২৪ সদস্যের একটি টিমকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে গত ২৪ জুন জর্ডানে পাঠানো হয়। জর্ডান পুলিশ ট্রেনিং কলেজে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় এ টিমকে। যুক্তরাষ্ট্রের বিশেষায়িত টিম সোয়াতের ৮ জন প্রশিক্ষক এসএমপি’র ২৪ সদস্যের এ টিমকে পুরো সময় বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। যে কোনো পরিস্থিতিতে সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেওয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গি দমন, মাদক ও চোরাচালানিদের গ্রেফতার অভিযান, সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানসহ তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্রের প্রশিক্ষক দল।

You may also like

Leave a Comment