সিলেটে ঈদ বাজার জমে উঠেছে

by News Room

স্টাফ রিপোর্টার:সিলেটে ঈদ বাজার জমে উঠেছে।প্রচন্ড গরম এবং দু’দিন থেকে অনবরত বৃষ্টিতে থামাতে পারেনি কেনাকাটা।অসম্ভবভাবে ব্যস্ত সিলেটের মানুষ ঈদের বাজারে।প্রিয় মানুষ,পরিবারের লোকজন ,আত্মীয়-স্বজন এবং শিশুদের পোষাক ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে সকলেই ব্যস্ত।সরেজমিন ঘুরে দেখা যায় এতে মহিলাদের আধিক্য বেশী ।তারাই বিপুল এ উতসাহ উদ্দীপনায় কেনাকাটা করছেন।

নগরীর বিপণি বিতান, ফ্যাশন হাউস, ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। স্বাদ আর সাধ্যের মধ্যেই কেনাকাটার ধুম পড়েছে নগরময়। গভীর রাত পর্যন্ত বিপণি বিতানে থাকছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। কেনাকাটা জমে উঠাতে বিক্রেতারাও কাটাচ্ছেন নির্ঘুম রজনী। বিত্তশালীরা ফ্যাশন হাউসগুলোতে, মধ্যবিত্তরা বিপণি বিতানে ও নিম্নবিত্তরা ফুটপাতের বাজারে সারছেন তাদের কেনাকাটা।

নগর ঘুরে এমন চিত্র দেখা গেছে। এবার দেশি পোশাকে তুষ্ট তরুণীরা। বিগত বছরগুলোর মতো ঈদ বাজারে নেই ভারতীয় সিরিয়েলের নামের পোশাকের দাপট। এই গরমে আরাম পেতে দেশিয় সুতি থ্রি-পিস ও অন্যান্য পোশাক তরুণীদের পছন্দ। শিশু-পুরুষরাও দেশি সুতি পোশাক কিনছেন আগ্রহ ভরে। তেমনি দেশি কাতান, জামদানি ও ফরমাল সুতি শাড়ি নারীদের পছন্দে স্থান পাচ্ছে জানিয়েছেন বিক্রেতারা।

সিলেট প্লাজার নবরুপা ফ্যাশন হাউসের মসনুন আহমদ চৌধুরী রেজা বলেন, গরমে আরামের পোশাক হিসেবে সুতির রেডি-আনরেডি থ্রি-পিস কালেকশনে রয়েছে। এসব পোশাকে হাতের কারুকাজে সুতি ও আনরেডি থ্রি-পিস বিক্রি হচ্ছে বেশি। তবে এবার আর সিলেটের ঈদে বাজার কাঁপাতে পারেনি বিদেশি, হিন্দি ছবি ও মেগা সিরিজের নামের পোশাক।

ঈদের কেনাকাটা করতে আসা কলেজ ছাত্রী তাহমিনা আক্তার প্রিয়  বলেন, এবার গরমে ঈদে দেশি থ্রি-পিস তার পছন্দের তালিকায়। তাই কাপড়ের মান ও ডিজাইন দেখে পছন্দ হলে ড্রেস কিনবো, বলেন তিনি।

নগরীর নয়া সড়ক মাহা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম বলেন, ‘আমরা ক্রেতাদের পছন্দ নির্ভর পোশাক কালেকশনে রাখি। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে এবার আনরেডি দেশি থ্রি-পিস, হাতের কারুকাজ করা পোশাক প্রাধান্য পাচ্ছে বাজারে। সেসঙ্গে নারীদের পছন্দের শীর্ষে দেশি কাতান ও জামদানি শাড়ি।

তিনি আরও বলেন, এবার দিনে প্রচণ্ড গরম। তারপরও ক্রেতা সমাগম হয়। তবে তুলনামূলকভাবে রাতের ঈদ বাজারে ক্রেতাদের ভিড় বেশি।

বিক্রেতারা জানান, এবার মেয়েদের মানসম্মত পোশাক কিনতে চাইলে এক হাজার দেড় হাজার থেকে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত রয়েছে। তবে স্থানভেদে কাপড়ের মূল্যের তারতাম্য রয়েছে।

তরুণীদের পছন্দে রয়েছে সেলোয়ার, কামিজ, লেহেঙ্গা, গাউন, টপস, টি-শার্ট। বিশেষ করে সুতির পোশাক এই গরমে বাজার ধরেছে বেশি। কেননা, গরমে পোশাকে আরাম পেতে সুতি পোশাকেই ভরসা রাখছেন ক্রেতারা। এছাড়া শাড়ির জগতে দেশি-বিদেশি কাতান শাড়ি নারীদের মন কাড়ছে। একইভাবে ফরমাল শাড়ি হিসেবে সুতি, জামদানি শাড়ি কাপড়ের দিকে নারীদের ঝুক বেশি। কাতান শাড়ি ৩ থেকে ৪০ হাজার টাকা দামেরও রয়েছে।

বিক্রেতারা আরও জানান, ব্যতিক্রম ডিজাইনের পোশাক হওয়ায় এবার দেশিয় থ্রি-পিস তরুণীদের পছন্দে রয়েছে। দেশি পোশাক ও আনরেডি থ্রি পিসের দিকে খেয়াল রেখে ফ্যাশন হাউসগুলোও বাড়িয়েছে নিজেদের কালেকশন।

You may also like

Leave a Comment