166
নিউজ ডেস্ক :আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘চার-ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’ এর উন্মাদনায় ভাসছে সিলেট নগরী। শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন ব্যস্ততম রাস্তার মোড়ে এই থিম সংটি পরিবেশন করা হয়। এসময় গানের সাথে সাথে রাস্তায় শিল্পীরা ড্যান্স করেন। থিম সং এর সাথে নাচ দেখতে ভিড় করেন লোকজন। ফলে নগরীর বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর ব্যস্ততম চৌহাট্টা পয়েন্টে যানবাহন থামিয়ে দিয়ে পরিবেশন করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘চার-ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’। গানের সাথে নাচে অংশ নেন ২০-২৫ জন তরুণ-তরুণী। গান শুনতে ও নাচ দেখতে চৌহাট্টা পয়েন্টে ভিড় করেন কয়েক শত লোকজন। ফলে চৌহাট্টা-রিকাবীবাজার, চৌহাট্টা-জিন্দাবাজার, চৌহাট্টা-মিরবক্সটুলা ও চৌহাট্টা-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কয়েক মিনিটের পরিবেশনা শেষে শিল্পী ও কলাকুশলীরা চলে গেলেও ব্যস্ততম ওই এলাকার যানজট নিরসন করতে একঘন্টার বেশি সময় লাগে দায়িত্বরত ট্রাফিক সদস্যদের।
থিম সংটি বিকেলে কিন ব্রিজের নিচে সুরমা পাড়েও পরিবেশন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন- বিশ্বকাপ টি-টুয়েন্টির উন্মাদনা ছড়িয়ে দিতে থিম সং পরিবেশনের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের থিম সং ‘চার-ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’-এর মূল কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক তানজিল। এতে অংশ নেন গানটির সাত শিল্পী কনা, এলিটা, পান্থ কানাই, জন আলমগীর, সানভীর হুদা, পূজা, কৌশিক। ঢাকার ঈগল ড্যান্স কোম্পানির কলা কুশলীরা নাচে অংশ নিয়েছেন।
গানটি লিখেছেন আনাম বিশ্বাস ও রিফাত আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানটি লিখেছেন আনাম বিশ্বাস ও রিফাত আহমেদ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
