সিকৃবির শিক্ষার্থী ওয়াসিম হত্যা: বিচারের দাবিতে শাবিতে মানববন্ধন

by News Room

শাবি প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী ওয়াসিমকে গাড়ি চাপা দিয়ে হত্যার বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। রোববার দুপুরে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে আগত শাবি শিক্ষার্থীদের সংগঠন নবীগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন।

রোববার দুপুর সাড়ে ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জোটভুক্ত সংগঠনের সদস্যরা ছাড়াও শাবির সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় মানববন্ধন থেকে ওয়াসিম হত্যার সাথে জড়িত বাস চালক এবং তার সহযোগীকে শাস্তির আওতায় এনে দ্রুত বিচার দাবি করা হয়।

মানববন্ধনে শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক সোহানুর রহমান বলেন, সড়কে আজ ওয়াসিমের জীবন কেড়ে নেওয়া হয়েছে। কালকে আমার হবে, পরশু আপনার। কিন্তু এভাবে মেনে নেওয়া যায় না। আমরা চাই ঘাতকদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের উপযুক্ত শাস্তি হোক। তিনি পরবর্তী কর্মসূচি সম্পর্কে বলেন, আগামীকাল (আজ) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবো আমরা।

এদিকে সিকৃবি শিক্ষার্থী ওয়াসিম হত্যার প্রতিবাদে শাবিতে অধ্যয়নরত নবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন নবীগঞ্জ স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রোববার দুপুর আড়াইটার দিকে আয়োজিত এ মানববন্ধনে নিরাপদ সড়ক এবং ঘাতক চালকের ও চালকের সহকারীর বিচার দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা।

You may also like

Leave a Comment