সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃতুবার্ষিকী আজ

by News Room

ডেস্ক নিউজঃ সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার। ২০০৯ সালের এই দিনে ঢাকা-সিলেট মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বর্ষিয়ান এই রাজনীতিবিদ। তিনি ছিলেন দেশের একমাত্র ও প্রথম অর্থমন্ত্রী যিনি একনাগাড়ে ১২ বার সংসদে সফলতার সঙ্গে বাজেট  পেশ করেছেন।

৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয়ভাবেও বিএনপির স্থানীয় জেলা ও উপজেলা নেতাকর্মীরা মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

ঢাকায় জাতীয়তাবাদী দল বিএনপি’র দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিকালে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এম সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাইফুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে আসেন। চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রথমে বাণিজ্য মন্ত্রণালয় এবং পরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাইফুর রহমান এরপর বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, সাইফুর রহমানই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯১-৯৬ মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের সময় তিনি দেশে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) চালু করেন।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্ঘটনায় মারা যান তিনি।

সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালের মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে।

সাইফুরের মৃত্যুতে দেশে শোকের ছায়া নেমে আসে। অত্যন্ত সহজ-সরল ভাষা ও অভিব্যক্তিতে কথা বলতেন বলে অনেকের প্রিয় ব্যক্তি ছিলেন তিনি।

You may also like

Leave a Comment