স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটের রাজনৈতিক সম্প্রীতি লালন ও ধারণ করে সেটিকে আরও বৃদ্ধি করতে হবে। সিলেটের জন্য গৃহীত উন্নয়ন কার্যক্রম কারো ব্যক্তিগত কাজ নয়, সবাই মিলে সিলেটকে এগিয়ে নিতেই এসব কাজ করা হবে।
শনিবার সিলেট নগরীর ফুড প্যারাডাইজ রেস্টুরেন্টে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কার ও সিলেটের পানির সমস্যা সমাধান করা গেলে ব্যক্তি নয়, পুরো সিলেটবাসী উপকৃত হবে। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা হবে এবং সিলেটের জীবনমান উন্নয়নের কাজ দৃশ্যমান হবে।
দ্রব্যমূল্য প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য মন্ত্রণালয় অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও রোজার সময় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করা হচ্ছে। পর্যাপ্ত খাদ্য মজুদ ও সরবরাহ থাকায় দুশ্চিন্তার কারণ নেই। আমদানি নির্ভর ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল পর্যায়ে রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং ও ভোক্তা অধিকারের তৎপরতা জোরদার করা হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দীকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা হাবীবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
