সবাই মিলে কাজ করলে সবুজ সিলেট গড়া সম্ভব: বিভাগীয় কমিশনার

by News Room

সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) দেবজিৎ সিংহ বলেছেন, পর্যটন বান্ধব, উন্নত, পরিকল্পিত সবুজ সিলেট গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার মানে শুধু প্রশাসন বা পুলিশ নয়, সরকার মানে আমি, তুমি এবং আমরা সকলেই। জনগণ সোচ্চার হলে যেকোনো অন্যায় প্রতিরোধ করা সম্ভব এবং দেশের জনগণ যদি সরকারের সাথে একযোগে কাজ করে তবে বিচ্যুতি ঘটার সম্ভাবনা নেই।

তিনি শনিবার বিকেলে সিলেট বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।”পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেবজিৎ সিংহ সাদা পাথর লুটপাটের ঘটনায় জনগণের সোচ্চার ভূমিকার প্রশংসা করে বলেন, সারাদেশে ও সিলেটের মানুষ সোচ্চার হওয়ার কারণেই সাদা পাথর প্রতিস্থাপন করা হচ্ছে। জুলাই২৪ দেখিয়ে দিয়েছে কিভাবে আন্যায় প্রতিরোধ করতে হয়।তিনি বলেন, জনগণ চাইলে কি করতে পারে জুলাই ২৪ তার চাক্ষুষ প্রমাণ। তিনি নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রচেষ্টায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সবুজ বনায়ন ও নতুন প্রজন্মের জন্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সবার সহযোগিতা পেলে প্রশাসনের কাজে অগ্রগতি হবে। আগামী এক বছরে বন বিভাগের কাজ চারগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। তিনি সিলেট বিমানবন্দর সড়কের দুই পাশে গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করে তোলার এবং সিলেটের বর্তমান পরিস্থিতির পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট নার্সারীর মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মলয় লাল ধর, শিক্ষার্থী সাদিয়া ইসলাম রিয়া, আব্দুল্লাহ আল হাসান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে গাছের গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করাই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার মূল লক্ষ্য ছিল। ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রির মাধ্যমে জনগণকে সবুজায়নে উৎসাহিত করাও এই মেলার উদ্দেশ্য ছিল।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ বৃক্ষমেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। ৯ আগস্ট শুরু হওয়া বৃক্ষ মেলা শনিবার শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ব্যাবসায়ীদের অনুরোধে জেলা প্রশাসক তিন দিন সময় বৃদ্ধি করার ঘোষণা দেন।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত ডিআইজি নাসির উদ্দিন আহমেদ,সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল প্রমুখ।

You may also like

Leave a Comment