শ্রমজীবী শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগ নিয়েছে ‘এডুকেট’

by News Room

সিলেট নগরীর শ্রমজীবী শিশুদের স্কুলমুখী করতে উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ‘এডুকেট’। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেট নগরীর পাঁচ শিশুকে তাদের কর্মস্থল থেকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করছে। এ উদ্যোগ সফল হলে সিলেট নগরীতে বৃহত পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন এডুকেট এর কো-অর্ডিনেটর ফয়জুল ইসলাম শিমাল। রোববার সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় তিনি এ কথা জানান।

এডুকেট কর্মকর্তারা জানান, শিশুরা লেখাপড়া বাদ দিয়ে অনেক সময় ঝুকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ে। এইসব শিশুশ্রম বন্ধে এবং তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য বিভিন্ন সংস্থা কাজ করছে। আমরাও এ ধরনের একটি উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছি। ২০১৬ সালে বিয়ানীবাজারে পাঁচজন শিশুকে এভাবে বিভিন্ন ওয়ার্কসপ, দোকান ও রেস্টুরেন্ট থেকে স্কুলে পাঠানোর কাজ শুরু করি। সেই পাঁচ শিশু শ্রম দিয়ে যে পরিমাণ অর্থ পেত তা এডুকেট বহন করছে। এরা এখন নিয়মিত লেখাপড়া করছে। বিদ্যালয়ে যাচ্ছে। এটি একটি সুখের কথা। সে উদ্যোগ সফল হওয়ায় আমরা সিলেট নগরীতে একইভাবে আরো পাঁচ শিশুকে প্রাথমিকভাবে বিভিন্ন কর্মস্থল থেকে তালিকাভুক্ত করেছি। যাদের লেখাপড়ার আগ্রহ রয়েছে। শুধুমাত্র অর্থের অভাবে বিদ্যালয়ে যাচ্ছেনা, শিশুশ্রমে জড়িয়ে পড়ে।

আকাশ, লাল মিয়া, সুলতান, নয়ন ও সাকিব নামের পাঁচ শিশুকে তারা স্কুলমুখী করার উদ্যোগ নিয়েছেন বলে তারা জানান। এদেরকে তাদের কর্মস্থলের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। যতদিন তারা স্কুলে যাবে ততদিন তাদেরকে সহযোগিতা করা হবে। এই উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক সমাজসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এডুকেট এর সাথে সংশ্লিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. মনসুর রহমান জিমু। মতবিনিময় সভা উপস্থাপনা করেন সিনিয়র সাংবাদিক মো. ফয়ছল আলম। উল্লেখ্য, এডুকেট এর দুই উদ্যোক্তা হচ্ছেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খুজকিপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কদরুল ইসলাম ও বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মতিউর রহমানের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আবেদুর রহমান শিমু।

You may also like

Leave a Comment