শাহরিয়ার রহমান: শেলী বেগম।অসহায় ও অভাবী এক নারী।আর্থিক টানাপোড়ন আর নানা জীবন সমস্যায় কাটছে তার সংসার।এর মধ্যে শারীরিক ব্যাধি তার কাল হয়ে দাড়ায়।প্রয়োজন হয় উন্নত চিকিৎসা ও অপারেশনের।এগিয়ে আসে মানবতামুলক সংগঠন স্মাইল লার্নিং সেন্টার।ঘুরে শেলী বেগমের জীবনের চাকা।
দুই সন্তানের জননী তিনি। বড্ড সংগ্রামী গল্প তার। তিরিশ বছরের এ ছোট্ট কালেই জীবনের কঠিন রঙই দেখেছেন। দিনমজুর স্বামী মানুষটি বছর কয়েক আগে এক দুর্ঘটনায় ডান হাতের হাড় ভেঙ্গেছেন। ভাঙা হাতে ভারী পরিশ্রমের কাজ তাকে দিয়ে আজ হয়না। তবু্ও তো জীবন সংগ্রাম থামে না। নুন আনতে পান্তা ফুরায় যার পরিবারে তার পরিবারে চারটা মুখের অন্ন যোগাতে স্বামীকে ঠিকই প্রতিদিন ভাঙা হাত নিয়েই কাজে যেতে হয়। চালচুলোহীন জননী বাধ্য হন স্বামী সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতে।
তিন বছর আগে তলপেটে ব্যাথা অনুভব করা শুরু। প্রথম একবছর তো স্থানীয় ফার্মেসী দোকানদারের পরামর্শে গ্যাসট্রিকের ঔষধ খান। এভাবেই চলছিলো, কিন্তু বছর দুয়েক আগে ব্যাথা না কমায়, হাসপাতালে চেকআপ করান। তখন তার পিত্তথলীর পাথর ধরা পড়ে। কিন্তু এ সাধারাণ অপারেশনটাও থমকে ছিলো এতোদিন।
একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার সময় সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত লামারগাঁও এর বসবাস করা এ জননীর খবর জানতে পারে মানবতার সেবায় ব্রতী সেচ্ছাসেবী সংগঠন, স্মাইল লার্নিং সেন্টার।
সংগঠনটি তখন দেশ বিদেশে তাদের সেচ্ছাসেবীদের থেকে সহায়তা সংগ্রহ করে এবং সংগঠনের সাথে যুক্ত চিকিৎসকদের পরামর্শ নিয়ে শেলি বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৩ জানুয়ারিতে ভর্তি করে।
শেলি বেগমের শারীরিক জটিলতার দরুন চিকিৎসকরা প্রায় এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রেখে গত ১লা ফেব্রুয়ারি, ২০২১ তারিখে সফল অস্ত্রোপচার করেছেন।
উল্লেখ্য স্মাইল লার্নিং সেন্টার ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নানা সামাজিক কাজের সাথে যুক্ত। প্রতিষ্ঠানটি মূল উদ্দেশ্য হলো সবার জন্য সুশিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। এছাড়া কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি, দক্ষ জনশক্তি তৈরির জন্যও প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। সংগঠনটির লক্ষ তাদের সেচ্ছাসেবীদের সহায়তায় দেশ বিদেশে ফ্রী টিউশন, চিকিৎসা সেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা। পাশাপাশি তথ্য প্রযুক্তির এ যুগের কথা মাথায় রেখে নিজেদের ওয়েবসাইট (www.smilelearningcentre.org) এর মাধ্যমে নানা অনলাইন কোর্স ও টেলিমেডিসিন সেবা বিনামূল্যে প্রদানের উদ্যোগও সংগঠনটি গ্রহণ করেছে।
