167
সিলেটের খবর ডেস্ক: নগরীর পশ্চিম শেখঘাট এলাকায় রহমান ভিলা ধসে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। নিহত ব্যক্তির নাম আব্দুল কাদির জিলানী (৩৮)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাখর গ্রামের মৃত শাবাগ তালুকদারের ছেলে। তিনি বর্তমানে নগরীর মজুমদার পাড়ার মতিন মিয়ার কলোনীতে বসবাস করেন।
আহতরা হচ্ছেন- নেত্রকোনা জেলার মদন থানার দৌলতপুর গ্রামের মানিক মিয়া (৬০), তার ছেলে টিটু আহমদ (২৮) ও একই জেলার চিতলা গ্রামের দেন্দু মিয়ার ছেলে আব্দুল মুক্তাদির (৫০)।
রহমান ভিলার মালিক দক্ষিণ সুরমার তেতলি গ্রামের শফিকুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে সিলেট সিটি কর্পোরেশনের ড্রেন পরিষ্কার কাজে নিয়োজিত শ্রমিকরা শেখঘাট এলাকায় কাজ করছিল। বেলা ২টার দিকে হঠাৎ করে রহমান ভিলার দেয়াল ধসে পড়ে ড্রেন পরিষ্কার কাজে নিয়োজিত শ্রমিকদের উপর। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত, আহত হয় ৩ জন।
আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে এস আই আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান ওসি।
