শুধু সেনা নয়, হাসিনাকেও গ্রেপ্তারের নির্দেশ দিন, তাতেই গুম-খুন-অপহরণ বন্ধ হবে: গয়েশ্বর

by News Room

ডেস্ক রিপোর্ট  ::নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘শুধু তিন সেনা সদস্যকে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে। তাতেই গুম-খুন-অপহরণ বন্ধ হবে।’

গুম-খুনের প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারে মহামান্য আদালত যে সাহস যখন দেখিয়েছেন, আরো একটু সাহস যদি দেখান ভালো হয়। তিনজনকে নয়, শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের নির্দেশ দিলে গুম-খুন সব বন্ধ হয়ে যেত।’

থাইল্যান্ডে সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার প্রতি আদালত যেমন নির্দেশ দিয়েছে, তেমন নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিও দিতে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আহবান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের কষ্টের টাকায় তাদের জন্য সরঞ্জাম কিনতে হয়। অথচ সীমান্তে ফেলানীর লাশ কাঁটাতারে ঝোলে। প্রতিনিয়ত ভারতের সীমান্তরক্ষীর গুলিতে আমাদের দেশের মানুষ মারা যায়।’

এক কারাগার থেকে বের হয়ে আরেক কারাগারে এসেছি বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই দেশটাই এখন একটি বৃহৎ কারাগার। এই জেলই শেষ জেল নয়, আরো জেল আছে।’

সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ লিটনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী সপু প্রমুখ।

 

You may also like

Leave a Comment