শুক্রবার শাহবাগে বিক্ষোভের ডাক নূরের

by News Room

নিউজ ডেস্ক:রাজধানীর মতিঝিলে মোদীবিরোধী বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর।

তিনি বলেন, আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ-ছাত্রলীগ যৌথভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষে আমিসহ আামাদের ৪৪ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় আমাদের ৩৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানাচ্ছি। যদি আজকের মধ্যে আটকদের মুক্তি দেওয়া না হয়, তাহলে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ করা হবে।

ডাকসুর সাবেক ভিপি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসছেন। আমরা কারো ব্যাপারে আপত্তি করিনি। আমাদের আপত্তি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। যিনি নিজ দেশেও একজন সাম্প্রদায়িক ব্যক্তি। এটা নিয়ে আমাদের একটি কর্মসূচি ছিল। সরকার তাকে আনবে সেটি সরকারের বিষয়। আমরা নাগরিক হিসেবে প্রতিবাদ করার অধিকার রয়েছে।

 

মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের টিয়ারগ্যাস, আহত নুর

রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের ছোড়া টিয়ারগ্যাসে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোদির আগমনের বিরোধিতা করে রাজধানীর মুক্তাঙ্গন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলটি মতিঝিল এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ ফাঁকা গুলি, টিয়ারগ্যাস, রাবার বুলেট ছাড়ে।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, নুর বর্তমানে আহত অবস্থায় মতিঝিল এলাকায় আছেন। তবে গুলি লেগেছে কি-না সেটা জানি না। তার সাথে আমাদের কিছু সহকর্মী আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি। টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। এখন সুস্থ আছেন।

এ প্রসঙ্গে জানতে নুরুল হক নুরকে একাধিকবার মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

You may also like

Leave a Comment