শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি

by News Room

স্টাফ রিপোর্টার : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে বৈঠকের আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে দরগাহর সার্বিক উন্নয়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে সমন্বিত উদ্যোগে সবাই একমত হন।

বৈঠক শেষে খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের বলেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য। নতুন কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত বিদ্যমান কমিটি প্রচলিত নিয়মে দানবাক্সের অর্থ গণনা করে মাজারের ব্যাংক হিসাবে জমা রাখবে। কমিটি আগামী এক মাসের মধ্যে একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার, জেলা পরিষদের প্রশাসক, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য, মাজার মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পাবেন সিলেটের জেলা প্রশাসক।

এর আগে সকালে সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে দরগাহর ঐতিহ্য রক্ষা, বর্তমান ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিললুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা। সভা শেষে মন্ত্রী মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment