ন্যাশনাল ডেস্ক:ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে র্যাব। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকার জনবহুল চারটি স্পট শাহবাগ, ফার্মগেট, সিটি কলেজ জিগাতলা ও মিরপুর ও এর আশে-পাশের এলাকায় একযোগে এ অভিযান শুরু হয়।
সবাই মাস্ক ব্যবহার করুন, মাস্ক পরে করোনামুক্ত থাকুন, নো মাস্ক নো সার্ভিস, ঘর থেকে বের হলে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এই প্রতিপাদ্যে এই অভিযান চলে।
শাহবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। প্রত্যেকের মাস্ক পরা নিশ্চিত করতে সচেতনতামূলক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, শাহবাগের মতো জনবহুল একটা এলাকায় বেশিরভাগ মানুষকে মাস্ক পরিধান করতে দেখা গেছে। তবে অনেকেই এখনও এ ব্যাপারে উদাসীন। কারো কারো সঙ্গে মাস্ক আছে, কিন্তু তারা মাস্ক পরছেন না। সকলকে সচেতন করার জন্য এবং যারা মাস্ক পরছেন না তাদেরকে সংশোধনের জন্য বিভিন্ন পরিমান অর্থদণ্ড দেয়া হচ্ছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অঙ্কের জরিমানাসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে।
