মোঃমোস্তাফিজুর রহমান,কমলগঞ্জ (মৌলভীবাজার):বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি বলেছেন, আপনারা মঞ্চে আমার চোখ বন্ধ অবস্থায় ছবি তুলে পত্রিকায় প্রকাশ করেন আমি ঘুমাই। আমি মঞ্চে আসলে ঘুমাই না। চোখ বন্ধ করে চিন্তা করি দেশ ও মানুষেরর জন্য কি করতে হবে।
তিনি আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পাত্রখোলা ও বেলা ৩টায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান পূজামন্ডপ প্রাঙ্গনে চা শ্রমিকদের সাথে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার চা শ্রমিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের পর শ্রমিকদের মধ্যে এসব টাকা বিতরণ করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু চা শ্রমিকদের নাগরিকত্ব দিয়েছেন আর শেখ হাসিনা তাদের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করছেন ।দেওরাছড়া চা বাগান ব্যবস্থাপক মো. নাদিম খানের সভাপতিত্বে ও অফিস কার্ক রিংকু মিত্রের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান আজাদ, অশোক বিজয় দেব কাজল, কালীপদ দেব, চা বাগান পঞ্চায়েত সম্পাদক শাহাব উদ্দিন প্রমুখ।
পরে পাত্রখোলা চা বাগানে মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেবনাথের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি ও চা শ্রমিক নেতা প্রদীপ পালের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, আওয়ামীলীগ নেতা এড. এ এস এম আজাদুর রহমান আজাদ, অশোক বিজয় দেব কাজল, চা শ্রমিক নির্বাচনের দলই ভ্যালীর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক প্রার্থী মোবারক হোসেন, চা যুব পরিষদ নেতা আকাশ কৈরী প্রমুখ।
এখানে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ বিভিন্ন স্তরের লোকজন। পরে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি কমলগঞ্জ উপজেলার আলীনগর সহ কয়েকটি চা বাগানে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।
