ভাস্কর্য নিয়ে ‘ষড়যন্ত্রকারীদের’ কাদেরের হুঁশিয়ারি

by News Room

ন্যাশনাল ডেস্ক:বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দিবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। অর্জনে কোনো লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সাথে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করারও আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে ইতিমধ্যে যারা বিদ্রোহ করেছে আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মন্ত্রী।

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেওয়া হয়নি। যেকোনো নেতিবাচক ঘটনা দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলো যেন ম্লান না হয় সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান ওবায়দুল কাদেরের।

You may also like

Leave a Comment