ভারতীয় কূটনীতিককে গ্রেপ্তারে হেনস্তার অভিযোগ

by News Room
বিনোদন ডেস্ক:ভিসা প্রতারণার জন্য গত সপ্তাহে নিউ ইয়র্কে গ্রেপ্তার হওয়া ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেপ্তারের সময় শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে এবং তাকে মাদকাসক্তদের সঙ্গে কারাগারে রাখা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে দেবযানীর সঙ্গে এনডিটিভির পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বলে মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি।

নিউ ইয়র্কের ভারতীয় কন্স্যুলেটের ডেপুটি কন্সাল জেনারেল দেবযানীর বিরুদ্ধে ভিসা আবেদনে ভারতীয় গৃহকর্মীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, কন্যাকে স্কুলে নামিয়ে দেয়ার সময় রাস্তা থেকেই তাকে গ্রেপ্তার করে প্রকাশ্যে তার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়া হয়। পরে আড়াই লাখ ডলার জামিনে তাকে মুক্তি দেয়া হয়।

নিজেদের জ্যেষ্ঠ কূটনীতিকের সঙ্গে “অগ্রহযোগ্য আচরণ” করার দায়ে গত সপ্তাহে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এছাড়া এ ঘটনার ব্যাখ্যা দাবি করে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে সরকার।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মের জন্য আমরা যারপরনাই ক্ষুব্ধ। গ্রেপ্তার হওয়া কূটনীতিকের সঙ্গে আচরণের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার জোর দাবি জানাচ্ছে। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

দেবযানীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন ও লোকসভার স্পিকার মিরা কুমার যুক্তরাষ্ট্রর কংগ্রেসের এক প্রতিনিধিদলের সঙ্গে মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিতব্য এক বৈঠক বর্জন করেছেন।

দুই কন্যা সন্তানের জননী ৩৯ বছর বয়সী দেবযানী নিউইয়র্কের ভারতীয় কন্স্যুলেটের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও নারী বিষয়ক কন্স্যুলেট।

নিজ ভারতীয় গৃহকর্মী সঙ্গীতা রিচার্ডের ভিসা তথ্যে মিথ্যা তথ্য ও তার মুজুরির বিষয়ে মিথ্যা বলায় দেবযানীকে গ্রেপ্তারের নির্দেশ দেন ম্যানহাটনের শীর্ষ ফেডারেল আইনজীবী ভারতীয় বংশোদ্ভূত প্রীত ভারারা।

দেবযানীর বিরু্দ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি ১৫ বছরের কারাবাস।

You may also like

Leave a Comment