পরিবেশ আইনজীবী সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। নিজস্ব গাড়িতে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুধবার দুপুরে ফতুল্লা থেকে তিনি অপহৃত হন। তবে কারা কী কারণে তাকে অপহরণ করেছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ৩টার দিকে ফতুল্লার ভুইয়া ফিলিং স্টেশনের কাছে ফিল্মি স্টাইলে আবু বকর সিদ্দিককে অপহরণ করা হয়। দুর্বৃত্তরা প্রথমে তার গাড়িতে আঘাত করে। তিনি গাড়ির ক্ষতি দেখতে বের হলে অপহরণকারীরা গাড়ির চালক রিপনের মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে তাকে নিয়ে যায়। অপহরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আবু বকর সিদ্দিক পেশায় আইনজীবী-উদ্যোক্তা। তিনি নারায়ণগঞ্জের হামিদ ফ্যাশনে কর্মরত। রিজওয়ান হাসান ২০১২ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। পরিবেশ রক্ষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী রিজওয়ানা। বিভিন্ন সময় পরিবেশ রক্ষায় বড় বড় কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। টক শোতেও জনপ্রিয় মুখ রিজওয়ানা।
