বিশ্ববিদ্যালয় ছাত্র খালেদের খুনীদের গ্রেফতারে ৭২ ঘন্টার আল্টিমেটাম

by News Room
মেট্রোপলিটন ইউনিভার্সিটির মেধাবী ছাত্র খালেদুজ্জামান খালেদের হত্যাকারীদের গ্রেফতার করতে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তার সহপাঠি শিক্ষাথীরা। অন্যথায় কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও তারা উল্লেখ করেন। বুধবার বেলা ২টায় খালেদের খুনিদের শাস্তির দাবিতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মানবন্ধনে শিক্ষার্থীরা এমন আল্টিমেটাম দেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি সালেহ উদ্দিন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, ইউনিভার্সিটির সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী, খালেদের বাবা ছলুছ মিয়া, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আলী, গোলাপগঞ্জের সাবেক ইউপি সদস্য সালেক আহমদ, এমসি কলেজ ছাত্র সুলতান মাহবুব প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- খালেদকে অপহরণের পর তাকে উদ্ধারে সিলেট কোতোয়ালি থানার তৎকালীন ওসি আতাউর রহমান, বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম ও গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী যে গড়িমসি করেছেন এবং মামলা নিতে অসম্মতি জানিয়েছেন তার কারণ উদঘাটন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থইস্ট ইউনিভার্সিটি, এমসি কলেজ ও মদন মোহন কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা মৌন মিছিল সহকারে খালেদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

You may also like

Leave a Comment