মাহফুজ কাউসার ছাদি : সিলেট-ঢাকা-সিলেট রুটে বিগত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে বিমান ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ভাড়া কাঠামো অনুযায়ী, সিলেট থেকে ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া (ট্যাক্স বাদে) নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৪ টাকা, যাতে ট্যাক্স যুক্ত হলে মোট দাড়ায় ৩ হাজার ১৯৯ টাকা। একই রুটে সর্বোচ্চ ভাড়া (ট্যাক্স বাদে) ৭ হাজার ২৪ টাকা এবং ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা নির্ধারিত হয়েছে।
কিন্তু এই নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগীর দাবি, তাদের কাছ থেকে সিলেট-ঢাকা রুটে ১১ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাড়া নেয়া হচ্ছে। বিমান টিকেট বিক্রির বিশ্বস্ত ওয়েবসাইট গোজায়ানে গত কয়েকদিনের খোঁজ নিলে এই দাবির সত্যতা মেলে, সেখানে ঢাকা-সিলেট রুটের ভাড়া ১১,৭০০ টাকা দেখা যায়।
বিমানের এই অস্বচ্ছ ভাড়া নির্ধারণের প্রতিবাদে সিলেট বিভাগের প্রবাসীরা সোচ্চার। দেশের অর্থনীতির একটি বড় চালিকাশক্তি প্রবাসী আয় বা রেমিট্যান্সের একটি উল্লেখযোগ্য অংশই আসে সিলেট অঞ্চল থেকে। দীর্ঘদিন ধরে তারা বিমান ভাড়া নিয়ে অসন্তোষ ও শোষণের অভিযোগ করে আসছেন। কর্তৃপক্ষ একাধিকবার নিয়ম-কানুন শক্ত করার কথা বললেও বাস্তবে ভাড়ার এই উল্লম্ফন ও অসামঞ্জস্য রোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন প্রবাসী প্রতিনিধিরা।
