সিলেটে মিষ্টিজাত খাদ্যদ্রব্য তৈরি ও বিক্রির প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং, মধুবন এবং ফুলকলিতে বার বার অভিযান চালিয়ে জরিমানা করা হলেও ভেজাল পণ্য বিক্রি বন্ধ করছে না সেগুলো।
রোববারও (১১ জুলাই) এই তিন প্রতিষ্ঠানে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেছে।
রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বেলা ২টার দিকে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের যৌথ টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দক্ষিণ সুরমায় ফিজা এন্ড কোং-কে ১ হাজার, মধুবনকে ৩ হাজার ও ফুলকলিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
প্রতিষ্ঠানগুলোতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য রাখা এবং বিক্রি করা হচ্ছিলো বলে র্যাব জানায়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম।
জরিমানার টাকা পরে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
