প্রথম ম্যাচেই জয় চাই- মালয়েশিয়া কোচ

by News Room

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার কোচ মোহাম্মদ রাজি বিন ইসমাইল প্রথম ম্যাচেই জয় তুলে নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ‘ম্যাচ জয়ের লক্ষ নিয়েই মাঠে নামবো। পরিকল্পনা সেরকমই করা আছে।’
প্রথম ম্যাচে স্বাগতিকদের ‘ফেভারেট’ উল্লেখ করে রাজি বিন ইসমাইল জানান, ‘স্বাগতিকরাই ফেভারেট অবস্থানে রয়েছে। তারপরও কোন ছাড় দিতে রাজি নই আমরা। জয়ের জন্য ছেলেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।’
বুধবার সিলেট মহানগরীর রোজভিউ হোটেলে আয়োজিত প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে মালয়েশিয়া দলের কোচ মোহাম্মদ রাজি বিন ইসমাইল জানাচ্ছিলেন তাদের পরিকল্পনার কথা। সঙ্গে ছিলেন দলের ম্যানেজার সেন্টি কুমার ও অধিনায়ক নাজিরুল।
সামনে এএফসি অনুর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি মালয়েশিয়ার পক্ষে খুবই সহায়ক হবে বলে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক নাজিরুল। ‘আগামী এএফসি অনুর্ধ্ব-২৩ টুর্নামেন্ট উপলক্ষে আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। দলের আত্মবিশ্বাসও অত্যন্ত ভাল অবস্থানে। এরকম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া অনুর্ধ্ব-২৩ দল।
বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড-এই ছয় দল নিয়ে হবে এবারের গোল্ডকাপের আসর। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

You may also like

Leave a Comment