পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মধ্য দিয়ে হরতাল চলছে

by News Room

নিজস্ব প্রতিবেদক:-কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সিলেটে গাড়ি ভাঙচুর পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে হরতাল চলছে । যে কোন সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এর মোকাবেলায় আইন শৃংখলা বাহিনী টহল দিচ্ছে। হুমায়ূন রশীদ চত্বরে ১৮ দলীয় জোটের নেতাকমীরা আজ অবরোধ সৃষ্টি করতে জড়ো হতে পারেনি। আইনশৃংখলা বাহিনী সেখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না।
আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় ঝটিকা মিছিল করে নগরীর পাঠানটুলা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে জামায়াত-শিবির কর্মীরা। পুলিশ ধাওয়া করে পাঠানটুলা এলাকা থেকে চার শিবির কর্মীকে আটক করে।
পরে কুমারপাড়া, শাহীঈদগাহ ও মেডিকেল এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এসময় তারা এসব এলাকায় বেশ ক’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ভাংচুর করে সিএনজি অটোরিকসাসহ ৪-৫টি যানবাহন।
শাহী ঈদগাহে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ও ৪টি সাউন্ড গ্রেণেডের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে কদমতলীতে জামায়াত শিবির অবস্থান নিলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় কদমতলী থেকে আতিকুর রহমান ও আবদুস শাকুর নামে দুই জামায়াত নেতাকে আটক করে। এর মধ্যে আবদুস শাকুর জামেয়া মিরাবাজারের ভাইস প্রিন্সিপাল বলে জানা গেছে। সকাল ১১টায় নগরীর দর্শন দেউড়ীতে একটি অটোরিকশাতে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

You may also like

Leave a Comment