সিলেটের খবর ডেস্ক:চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় নয়দিন পর গ্রেফতার দেখানো হয়েছে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে।
বুধবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।
এদিন মাদক মামলায় গ্রেফতার নাসির ও অমির ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। ঘটনার চারদিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন পরীমনি।
পরদিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।
ওইদিন বিকেলে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
