সিলেটের খবর ডেস্ক:বিরোধী দলবিহীন ৫ জানুয়ারির নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে মিয়ানমার ও নেপাল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইন ও নেপালের মন্ত্রিপরিষদের চেয়ারম্যান খিল রাজ রেগমি পৃথক বার্তায় নিজ নিজ দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
“অভিনন্দন বার্তায় তারা বলেছেন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত আছেন।”
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বর্জনের মধ্যে ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয়, যাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।
বিরোধী দলের বয়কট এবং ভোটার উপস্থিতি কম থাকায় এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে মনে করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডার পাশাপাশি কমনওয়েলথও।
তবে প্রতিবেশী দেশ ভারত এই নির্বাচনে সমর্থন জানিয়ে বলেছে, বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য এর প্রয়োজন ছিল।
এছাড়া চীন, কম্বোডিয়া ও ভিয়েতনামও নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে মনে করলেও নতুন সরকারের সঙ্গে কাজ করে যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
১২ জানুয়ারি তৃতীয়বার দেশের সরকার প্রধানের দায়িত্ব নেয়া শেখ হাসিনা এবার ২৯ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু করেছেন।
