ঢাকায় আলোকচিত্রী প্রতিযোগিতায় জৈন্তাপুরের দুই সাংবাদিকের গোল্ড মেডেল অর্জন

by News Room

মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর প্রতিনিধি:: ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে আলোকচিত্রী প্রতিযোগিতায় জৈন্তাপুর উপজেলার তরুণ দুই সাংবাদিক গোল্ড মেডেল লাভ করেছেন। জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক ও উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি আবুল হোসেন মোঃ হানিফ এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক সিলেট মিরর প্রতিনিধি মোঃ রেজওয়ান করিম সাব্বির সম্মাননা অর্জন করেন।

১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা শিল্পকলা একাডেমির চিত্রশালায় “ইয়াং ফটোগ্রাফি প্যানেল অব বাংলাদেশ (ওয়াইপিপিবি)” কর্তৃক ৪র্থ বর্ষসেরা আলোকচিত্রী ২০২০ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাংবাদিক মোঃ রেজওয়ান করিম সাব্বির ০৪ টি গোল্ড মেডেল অর্জন করে দেশসেরা ২য় স্থান লাভ করেন এবং আবুল হোসেন মোঃ হানিফ ০১ টি গোল্ড মেডেল লাভ করেন। শিল্পকলা একাডেমির চিত্রশালায় অনুষ্ঠানের বিচারক সুদীপ্ত সালাম, সম্মানিত অতিথি জয় কে রায় চৌধুরী, শাহাদাত পারভেজ এবং ইয়াং ফটোগ্রাফি প্যানেল অব বাংলাদেশ (ওয়াইপিপিবি) ফাউন্ডার সিইও সাকিবুল ইসলাম লিসান নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।

মোঃ রেজওয়ান করিম সাব্বির বিগত ২০০৯ সাল হতে সাংবাদিকতা করে আসছেন। বিগত ২০১৯ সাল হতে সাংবাদিকতার পাশাপাশি আলোকচিত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার লাভ করেছেন। আবুল হোসেন মোঃ হানিফ সাংবাদিকতার পাশাপাশি ২০১৯ সাল হতে ফ্রিল্যান্স আলোকচিত্রী হিসাবে কাজ করছেন।

জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটির ফাউন্ডার সহকারী অধ্যাপক ও বিপিএস ফেলোশীপ মোঃ খায়রুল ইসলাম বলেন, তাদের অর্জন গুলো শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ফাটোগ্রাফীর মাধ্যমে বিশ্ববাসীর কাছে জৈন্তাপুর উপজেলাকে তুলে ধরেছে। সাব্বির করোনাকালীন সময়ে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস) এর ২য় আন্তর্জাতিক প্রতিযোগিতায় “এবিপি”তে অংশ নিয়ে “বিপিএস-সিএম” পদক অর্জন করে। আমি তাদেরকে জৈন্তাপুরবাসীর পক্ষ হতে শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছি।

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম বলেন, আলোকচিত্রীদের কাজ অত্যন্ত ব্যয়বহুল এবং চ্যালেঞ্জিং একটি বিষয়। তারা নানা প্রতিকূল পরিবেশের মধ্যদিয়ে আলোকচিত্র সংগ্রহ করে। তাদের এই ত্যাগের জন্য আমরা সুন্দর সুন্দর ছবি দেখতে পারি। জৈন্তাপুর প্রেসক্লাবের দুই সাংবাদিক ঢাকায় আলোকচিত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ০৫ টি গোল্ড মেডেল অর্জন করায় জৈন্তাপুর প্রেসক্লাবের পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

You may also like

Leave a Comment