ড. মোমেন সিলেট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী!

by News Room

মুহিত চৌধুরী : অর্থমন্ত্রী জানিয়েছেন, একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না। তাঁর অনুজ জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন নির্বাচন করবেন।

গত ০৫ সেপ্টেম্বর ২০১৮ বুধবার, অর্থ মন্ত্রাণালয়ের সম্মেলন কক্ষে সিলেট সিটিকর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

২০১৬ সালের শেষের দিকে সিলেটের কবি কাজী নজরুল অডিটরিয়ামে দলের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী তার বয়স হয়েছে জানিয়ে বলেছিলেন, তিনি আর নির্বাচন করবেন না। ওই অনুষ্ঠানে তিনি তার ছোট ভাই জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. একে মোমেনকে সিলেটবাসীর কাছে পরিচয় করিয়ে দেন এবং বলেন, দল চাইলে ড. মোমেন সিলেট-১ আসনে নির্বাচন করবেন। ওইদিন তিনি ড. মোমেনকে সিলেটবাসীর কাছে পরিচয় করিয়ে দিয়ে সহযোগিতা চান।

অর্থমন্ত্রীর এই ঘোষণার পর ঐসময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের মাঝে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের বয়সের ভারে একেকবার একেক কথা বলছেন। একবার বলেন প্রার্থী হবেন না, এখন আবার বলছেন প্রার্থী হবেন। এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমি নেত্রীর উপস্থিতিতে আলীয়া মাদরাসার মাঠে সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার আশা প্রকাশ করেছি। সুতরাং সিলেট-১ আসনে আমি মনোনয়ন চাইব।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে অর্থমন্ত্রী পূণরায় সিলেট -১ আসনে ড. মোমেনের কথা বলায় পর্যবেক্ষকমহল বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছেন। তারা বলছেন নিশ্চয়ই অর্থমন্ত্রী আবুল মাল মুহিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রীণ সিগনাল পেয়েছেন।

অন্যদিকে ড. এ কে আব্দুল মোমেন সম্প্রতি নিউইর্য়কে এক অনুষ্ঠানে বলেছেন, তিনি সিলেট-১ আসনে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন।

গত ২ বছররেরও বেশী সময় ধরে ড. মোমেন তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ইতোমধ্যে ভোটারদের কাছে নিজের একটা ইতিবাচক অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন।

সিলেটের মানুষ সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্পিকার হুমায়ূন রশিদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পর ড. এ কে আব্দুল মোমেনকে জাতীয় পর্যায়ে সিলেটের নেতৃত্ব দেবার যোগ্য ব্যক্তি হিসেবে মনে করছে। আর এইসব দিক বিবেচনায় ড. মোমেন সিলেট-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী হচ্ছেন বলে সাধারণ মানুষ মনে করছেন।

তবে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন পাবার পরও ড. মোমেনকে কঠিন সমস্যার মধ্যে পড়তে হতে পারে। স্থানীয় আওয়ামী লীগের একটি অংশ তার বিরুদ্ধে প্রতিপক্ষ হবার সম্ভাবনা রয়েছে। সিলেট সিটিকর্পোরেশন নির্বাচনের ফলাফল এমন আশংকার জন্ম দিচ্ছে বলে বিশ্লেষকরা অভিমত ব্যক্ত করছেন।

তারা বলছেন, নির্বাচনের আগে স্থানীয় আওয়ামীলীগকে প্রকৃত অর্থে ঐক্যবদ্ধ করাই হবে ড. মোমেনের প্রথম কাজ।

You may also like

Leave a Comment