জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

by News Room

হোসেন মিয়া, জৈন্তাপুর থেকে : সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট বৈঠাখাল মোকামের তল নামক স্থানে একটি ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টো ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

২৪ অক্টোবর মঙ্গলবার সকাল ০৯:৩৫ ঘটিকায় সিলেট হযরত শাহজালাল (রহঃ) মাজার জিয়ারত করে প্রায় ১২ জন দর্শনার্থী একটি ডিআই পিকআপ করে জাফলং অভিমুখে সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট বৈঠাখাল মোকামের তল নামক স্থানে আসলে ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার নেওয়াজ উদ্দিনের ছেলে মোয়ামীন (২৫) এবং রহিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। জাহাঙ্গীর আলম (৩০) ডিআই পিকআপের ড্রাইভার ছিলেন।

আহতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার মোঃ শাহ আলমের ছেলে রিপন (২২), আব্দুল বারেকের ছেলে রুবেল আহমদ (২৫), বাবুল হোসেনের ছেলে মিন্টু (২৫), নজরুল ইসলামের ছেলে মোঃ হোসেন (২৪)। বাকি ০৬ জনের নাম পরিচয় জানা যায়নি।

গুরুতর আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডিআই পিকআপ রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১৭-৭১১০। বর্তমানে সিলেট-তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো গ্রেফতার নেই।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

তামাবিল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডিআই পিকআপ উদ্ধার করে তামাবিল হাইওয়ে থানা পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করে। পরবর্তী আইনানুগ কার্যক্রম হাইওয়ে থানা পুলিশের অধীনে প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উপজেলা হাসপাতালে ছুটে যাই। নিহতদের পরিচয় নিশ্চিত এবং কর্তব্যরত চিকিৎসক কর্তৃক গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আইনানুগ কার্যক্রম শেষে নিহতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You may also like

Leave a Comment