মোঃ সাজ উদ্দিন সাজু, জৈন্তাপুর থেকে:সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখাল খেয়াঘাটে পানিতে ডুবে ১০ বছরের শিশু নিখোঁজ, ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় সাড়ে ০৩ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার৷
এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য সামসুজ্জামান সেলিম জানান, ১৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ০২ টায় লালাখাল খেয়াঘাট নামক স্থানে মায়ের সাথে গোসল করতে গেলে নদীর স্বচ্ছ পানিতে শিশুটি তলিয়ে যায়৷ নিখোঁজ শিশু লালা গ্রামের নাসির উদ্দিনের ছেলে মো. সোহান আহমদ (১০)। এদিকে ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় সাড়ে ০৩ ঘন্টা পর নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করে৷ শিশু নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে চারিকাটা ইউপির চেয়ারম্যান মো. সুলতান করিম উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস কর্মীদের নৌকা ও স্থানীয় মাঝিদের দিয়ে সহযোগিতা করেন৷ স্থানীয় জনতা শিশু নিখোঁজের সংবাদ পেয়ে নদীর পাড়ে ভীড় অপেক্ষা করে৷
নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুর উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. সুলতান করিম বলেন, খেয়াঘাট সহ জিরো পয়েন্ট পর্যন্ত নদীর দুপার্শ্বে চোরাবালির উপস্থিতি রয়েছে৷ এজন্য নদীর পাড়ের বাসিন্ধাদের সতর্কতার সহিত নদীতে গোসল সহ অন্যান্য কার্যক্রম করতে বলা হয়েছে৷ ফায়ার সার্ভিস সহ স্থানীয়দের সহায়তায় বিকাল সাড়ে ০৫ টায় শিশুর লাশ উদ্ধার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন এটি একটি অপমৃত্যু। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শিশুটির মৃত্যু হয় বলে তিনি জানান।
