স্টাফ রিপোর্টার:সিলেট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কিছুসংখ্যক বিশ্বস্ত বন্ধুদের সহযোগিতায় অভিযুক্ত এস আই আকবরকে গ্রেফতার করেছে সাদা পোষাকধারী পুলিশ।
পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যাকান্ডে জড়িত এস এম পি’র অভিযুক্ত এস আই আকবর কে কানাইঘাটের ভারতীয় দনা সীমান্ত থেকে গ্রেফতারের পর আজ সন্ধায় জেলা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এ কথা বলেন।তিনি বলেন,আমরা পুলিশিং কাজে সব সময়ই জনগণের সহযোগিতা নিয়ে থাকি।আমরা কিছূ বন্ধুদের সহযোগিতায় আকবরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।আমাদের সাদা পোষাকধারী পুলিশ এটাকে গ্রেফতার করেছে।
এস পি ফরিদ বলেন,আজ সকাল ৯টায় তাকে গ্রেফতার করা হয়। সিলেট জেলা পুলিশ ঘটনার তিন দিন পর থেকে সর্বোচ্চ চেষ্টা করছে । পুলিশের কাছে খবর আসে সে ভারতে পালিয়ে যেতে পারে ।
তিনি বলেন, আমরা খবর পাই আকবর ভারতে পালিয়ে যেতে পারে । সে অনুযায়ী আমরা জেলা পুলিশ সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি । কানাইঘাট সীমান্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করি ।
একটি ভিডিওতে দেখা গেছে ভারতের খাসিয়ারা তাকে আটক করেছে এমন প্রশ্নে পুলিশ সুপার বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোন ভিডিও করা হয়নি। এ ভিডিও কে কোথায় করেছে তা আমাদের জানা নেই। এরকম কিছু দেখিনি। তবে তাকে জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করেছে।’
আকবরকে কেউ হস্তান্তর করেছে কি না এমন এক প্রশ্নে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, ‘কেউ হস্তান্তর করেনি। আমরা পুলিশের সকল কাজে জনগনের সহযোগিতা নিয়ে থাকি। তাকে গ্রেফতার করতে আমাদের কিছু বন্ধু সহযোগিতা করেছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযুক্ত নোমানকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। যেহেতু মূল আসামীকে ধরা হয়েছে তাকেও ধরা হবে । তিনি বলেন পিবিআই এর কাছে আজই আকবরকে হস্তান্তর করা হবে ।
প্রেস ব্রিফিংয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মফিউজ উদ্দিনও বক্তব্য রাখেন ।
ডিআইজি মফিজ উদ্দিন বলেন,আইনের উর্ধ্বে কেউ নয়।সকলকে আইনের দোরগোড়ায় পৌঁছতে হবে।আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।তিনি বলেন, অপরাধ করে কারো পার পাওয়ার সুযোগ নেই । যে কোন ঘটনায় যে কেউ অপরাধী হলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে ।এস আই আকবর অন্যায় ও অত্যন্ত জঘন্য কাজ করেছে।এর শাস্তি তাকে পেতে হবে।
