জীবনের প্রয়োজনেই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে:সিলেটে এক আলোচনা সভায় সুলতানা কামাল

by News Room

নিউজ ডেস্ক:সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্ঠা, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দেশের ছোট-বড় বেশীরভাগ নদীই এখন অস্তিত্ব সংকটে। দুষন আর দখলদারিত্বের কারণে নদীগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। তিনি বলেন, জীবনের প্রয়োজনেই নদীগুলোকে বাঁচিয়ে রাখতে হবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেটে সিলেট সিটি কর্পোরশনের হল রুমে ‘সুরমা নদী রক্ষায় নাগরিক দায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, নদী নিয়ে শুধু হা হুতাশ করলে চলবেনা। সবাই যার যার অবস্থান থেকে নদীকে বাঁচাতে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, যথাযত উদ্যোগ আর প্রচেষ্ঠায় বিশ্বের বহু নদী দুষনের চরম সীমা থেকেও উদ্ধার করা গেছে।

এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নদী ও পরিবেশ রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাওয়ার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক ওয়াটারকিপার অ্যালায়েন্স, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম’কে আনুষ্ঠানিকভাবে ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ হিসেবে ঘোষণা প্রদান করে।সভায় এডভোকেট সুলতানা কামাল তার নাম ঘোষনা করেন ।

বাপা’র যুগ্ম সম্পাদক শরীফ জামিল’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য ড. সালেহ উদ্দিন আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সহ-সভাপতি অ্যাডভোকেট তবারক হোসেন, শাবিপ্রবি’র সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রধান ড. জহির বিন আলম, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান ড. নুর মোহাম্মদ, শাবিপ্রবি’র প্রাক্তন রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট মুজিবুর রহমান সহ পরিবেশবাদী, পরিবেশ সাংবাদিক ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের বিগত ৫০ বছরে দ্রুততম সময়ে হারিয়ে যাচ্ছে নদী। নদীর সাথে জড়িত মানুষ ও অন্যান্য প্রাণীদের জীবনযাত্রা হচ্ছে ব্যহত। আর মানুষের বেঁচে থাকার জন্য নদী ও পানির প্রয়োজনীয়তা অপরিসীম। এ নদীকে বাঁচাতে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে ওয়াটারকিপার অ্যালায়েন্স। আর পৃথিবীর বিভিন্ন নদী রক্ষায় একক দায়িত্ব প্রদান করা হচ্ছে একজন করে রিভার ওয়াটারকিপারকে। নদী ও পানির উৎস রক্ষায় রিভার ওয়াটারকিপারদের কাজে পরিবেশবাদী ও পরিবেশকর্মীসহ সর্বস্তরের মানুষের সকল ধরণের সাহায্য প্রয়োজন। সকলের সচেতনতায়েই কেবল নদী বাঁচানো সম্ভব।

You may also like

Leave a Comment