জামায়াতের ক্ষমা চাওয়া উচিত : নজরুল ইসলাম

by News Room

ন্যাশনাল ডেস্ক: একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার রাজধানী চন্দ্রিমা উদ্যানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ক্ষমা চাওয়ার দাবি যুক্তিসংগত। যারা গণতন্ত্র হত্যা করেছে, তারাও আজ পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চায়নি।’

তাঁতি দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান নজরুল ইসলাম।

১৯৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, এই দাবি তো সবার। জামায়াত স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে। এ জন্য তাদের দুঃখ, লজ্জা ও ক্ষমা প্রার্থনা করা উচিত।’

‘এটা যেমন যুক্তিসংগত দাবি, তেমনি আরো যুক্তিসংগত দাবি আছে। স্বাধীনতার বিরোধিতা যারা করেছে, অবশ্যই তাদের শাস্তি ও বিচার চাই।’

বিএনপির নীতি নির্ধারক বলেন, ‘তারা মনে করেন, যারা অপরাধ করেছে, তাদের সবার ক্ষমা চাওয়া উচিত। আর তারা যদি কোনো দোষ করেন, তাহলে তাদেরও উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু এ দেশে সেই রীতির প্রচলন নেই।’
২০ দলীয় জোটে জামায়াতের অস্তিত্ব নিয়ে তিনি বলেন, ‘২০-দলীয় জোটে কোনো পরিবর্তন ঘটেনি। জামায়াতের পক্ষ থেকে তাদের কখনো বলা হয়নি যে, তারা সিদ্ধান্ত নিয়েছে, জোটের সঙ্গে থাকবে না। তবে জামায়াত একটি আলাদা রাজনৈতিক দল। সেই দলের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, অধিকার ও ক্ষমতা তাদের আছে। ’

বিএনপি নেতাদের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বলেছি, আমাদের দলে কেউ কোনো না কোনোভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে, তার বিরুদ্ধে আমরা দলীয় ব্যবস্থা নেব।’

তাঁতি দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment