আটক সকল ছাত্রনেতা ও কর্মীদের মুক্তির দাবীতে সর্বদলীয় ছাত্রঐক্য গড়ে তুলুন:স্বতন্ত্র জোট

by News Room

জনবিচ্ছিন্ন সরকারের হাতে আটক সকল ছাত্রনেতা ও কর্মীদের মুক্তির দাবীতে সর্বদলীয় ছাত্রঐক্য গড়ে তুলতে আহবান জানিয়েছে সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায় ও মেধাবী শিক্ষার্থীদের নেতৃত্বাধীন  সম্পুর্ণ লেজুরবৃত্তিমুক্ত ও নির্দলীয়  স্বাধীন রাজনৈতিক সংগঠন   স্বতন্ত্র জোট।গতকাল সোমবার স্বতন্ত্র জোটের যুগ্ম-আহ্বায়ক মোঃ আজাহার উদ্দিন (অনিক) স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দুইটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করা, জনগণের ন্যূনতম সমর্থন বিহীন আওয়ামী লীগ সরকার প্রতিদিনই নির্লজ্জতার নতুন নতুন রেকর্ড গড়ছে যার সর্বশেষ উদাহরণ মাত্র এক সপ্তাহের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকা থেকে বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠনের নেতা ও কর্মীদের গ্রেপ্তার ও উঠিয়ে নিয়ে যাওয়া।

যদিও ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রক্টরের অনুমতি ছাড়া পুলিশ ঢোকার ও কাউকে গ্রেপ্তার করার উদাহরণ নেই, অকর্মণ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশ্রয়ে গত এক সপ্তাহের ব্যবধানে প্রগতিশীল ছাত্রজোটের নেতা মো. তামজিদ হায়দার, নজির আামির চৌধুরী জয়, এ এস এম তানজিমুর রহমান, মো. আকিফ আহম্মেদ, মো. আরাফাত সাদ, নাফিজা জান্নাত ও জয়তী চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশবাহিনী। মাত্র দুইদিনের মাথায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ছাত্রদলের আনিসুর রহমান খন্দকার অনিক, আবু হায়াত মোহাম্মদ জুলফিকার জেসান এবং আতিক মোর্শেদকেও।
গ্রেপ্তারকৃতদের অপরাধ ছিল বর্তমান স্বৈরতান্ত্রিক সরকারের বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে এবং ছয়বার চেষ্টার পরেও জামিন না পেয়ে, লেখক মুশতাক আহমেদের কারাগারেই মৃত্যুর কোলে ঢলে পড়ার প্রতিবাদ করা।
ফলে স্পষ্টতই ধারণা করা যায়, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ও তাদের আজ্ঞাবহ পুলিশবাহিনীর হাত থেকে আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয় এলাকাতেও নিরাপদ নয়। জনগণের সমর্থন হারিয়ে যেকোন মূল্যে ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টায় সরকার দানবে পরিণত হয়েছে। এই দানবের হাতে আজকে লেখক মুশতাক আহমেদের প্রাণ গেছে, কালকে যেতে পারে আমার কিংবা আপনার। এককভাবে লড়াই করে দানবকে ঠেকানো যাবে না। বর্তমানে আমরা যে ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি দিনে দিনে, তা থেকে মুক্তি পেতে আমাদের প্রয়োজন ঐক্য।
স্বতন্ত্র জোটের পক্ষ থেকে তাই অনুরোধ জানানো হচ্ছে আদর্শিক মতপার্থক্য ভুলে, সকল বন্দি ছাত্রনেতা ও কর্মীদের মুক্তির দাবীতে, এই দানবীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনগণের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রকামী সকল সংগঠনের সমন্বয়ে সর্বদলীয় ছাত্রঐক্য তোলার। মনে রাখতে হবে, বানের জল যখন বাঁধ ভাঙে, তখন তা খড়কুটো দিয়ে থামানো যায় না।

You may also like

Leave a Comment