চলার পথ সব সময় নিরাপদ থাকে না জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদ বলেছেন, এখন যে সংকট আমার দলে চলছে, তা সহসাই কেটে যাবে।
নিজের ৮৫তম জন্মদিনে বৃহস্পতিবার এরশাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে হাজির হন। কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি বলেন, ‘আমি আমার জন্মদিন পালন করতে চাইনি। করছি শুধুমাত্র ভেঙে পড়া নেতাকর্মীদের উৎসাহিত করতে।’
সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘চলার পথে বিপদ আসবে এটাই স্বাভাবিক। এখন আমাদের বিপদ চলছে। তবে বন্ধুর এ পথ কেটে সুদিন আসতে বাধ্য। জাপা আবারও সুসংগঠিত হবে, নির্বাচনে বিজয় লাভ করবে।’
রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এরশাদকে শুভেচ্ছা জানাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাজির হন। তাদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ দূত বলেন, ‘নেতাকর্মীদের এই উৎসাহ প্রমাণ করে তারা হতাশ হয়নি। তারা দলকে সংগঠিত করতে প্রস্তুত। এ সব নেতাকর্মীই আমার যোগ্য সন্তান। তারাই দলকে এগিয়ে নিয়ে যাবে।’
নেতাকর্মীদের তিনি বলেন, ‘তোমরা আমার হাতে হাত রাখ। আবার সুদিন আসবে। জাতীয় পার্টি আবারও নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতাসীন হবে।’
অনুষ্ঠানে দলের মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, এরশাদের ছোট বোন মেরিনা রহমান, প্রেসিডিয়াম সদস্য সাঈদুর রহমান টেপা, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু, বাহা উদ্দিন বাবুল, যুগ্ম-দপ্তর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। তবে রওশনপন্থি কোন নেতাকে জন্মদিনের এ অনুষ্ঠানে দেখা যায়নি।
