245
সিলেটের খবর ডেস্ক:গোপালগঞ্জবাসীর উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘আজ থেকে গোপালগঞ্জে খালেদা জিয়া ও বিএনপির রাজনীতি অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি বেঁচে থাকি বা না থাকি আপনারা কোনো দিনও খালেদা জিয়াকে গোপালগঞ্জে ঢুকতে দেবেন না।’
সোমবার গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এসময় গোপালগঞ্জের নাম বদলে দেয়া হবে বলে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করেন শেখ সেলিম।
সেলিম বলেন, ‘গোপালগঞ্জের নাম খালেদা জিয়া কখনো মুছতে পারবেন না। তিনি পাকিস্তানিদের ভাষায় কথা বলেন। ৫ জানুয়ারি নির্বাচনের পর খালেদা জিয়াকে পাকিস্তান পাঠিয়ে দেয়া হবে।’
তিনি বলেন, ‘ভণ্ডামিরও একটা শেষ আছে। স্বামী মার্শাল ল দিয়ে দেশ শাসন করে গেছেন। আর তার স্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লংমার্চ করছেন। মানুষ এসব পরিহাসে বিশ্বাস করে না।’
রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীবাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফর রহমান, সিকদার নূর মো. দুলু ও রঞ্জিত কুমার প্রমুখ বক্তব্য দেন।
