মফস্বল ডেস্ক:গাইবান্ধার সাঘাটায় বাথরুম-গোসলখানার বদনা-বালতি ও গামলা চুরির অপবাদ দিয়ে এনামুল হক (৪৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দিনমজুর এনামুলের মৃত্যু হয়।
দিনমজুর এনামুল হককে এভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
স্থানীয়রা জানান, “রাত ২টার দিকে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের মওলা মিয়ার ছেলে দিনমজুর এনামুল মিয়ার বাড়িতে যায় প্রতিবেশী দিনমজুর নিহত এনামুল হক। পরে তাকে চোর সন্দেহ করে বাথরুমের বদনা, বালতি ও উঠানে পড়ে থাকা গামলা চুরির অপবাদ দেয়া হয়। এসময় ওই বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বেধড়ক মারপিট ও মাথায় আঘাত করে। পরে সেখানেই এনামুল হক জ্ঞান হারিয়ে ফেলে।”
নিহত এনামুল হকের স্ত্রী ফরিদা বেগমের অভিযোগ, “আমার স্বামীকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমার স্বামী মানুষের জমিতে কাজ করে সংসার চালাত। সে চোর নয়; চুরি করতে পারে না”
“দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই গরিব মানুষদের হত্যা, নির্যাতনের খবর আসলেও দোষীদের বিচার হয় না” এরকম অভিযোগ করে আজ (১৬ নভেম্বর) সোমবার বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে সাঘাটার দিনমজুর এনামুল হককে বিনা অপরাধে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ এরকম সকল হত্যার দ্রুত বিচার দাবি করেন।
উল্লেখ্য, নিহত দিনমজুর এনামুল হক সাঘাটা উপজেলার রামনগর গ্রামের মৃত সাফি মিয়ার ছেলে। তার বয়স ছিল ৪৫ বছর।
