স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, টিকার জন্য আমাদের আর কোন সমস্যা নেই। এ সপ্তাহে চীন থেকে আরো বিশ লাখ ডোজ টিকা দেশে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিককে বিনা মূল্যে করোনার টিকা প্রদান করবেন।
গতকাল শনিবার (৭ আগস্ট) সকাল ৯ টায় নগরের রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে সিলেট সিটি কর্পোরেশন এলাকার ‘জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ এর ভার্চুয়ালি উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
সিলেটে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, ডিআইজি সিলেট রেঞ্জ মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ,জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী,সিলেট’র স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল,সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডনল, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন,আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,
রেড ক্রিসেন্ট -এর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল জব্বার জলিল,সিলেট রেড ক্রিসেন্ট -এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে। সামনে আরো প্রচুর টিকা দেশে আসবে।’
তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কার্যক্রম সামনে আরো গতিশীল হবে। সবাইকে টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব।’
রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে একটি বুথে টিকা প্রদান করা হচ্ছে। সিসিকের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে দেয়া হচ্ছে টিকা। প্রতিটি কেন্দ্রে দুজন করে টিকাদানকর্মী ও তিনজন করে স্বেচ্ছাসেবক কাজ করছেন বলে জানিয়েছেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়া ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক রাখা হয়েছে।
এদিকে, জেলার সকল উপজেলায় ১০০টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
