স্টাফ রিপোর্টার : সিলেট কালেক্টরেট মসজিদে জুমার নামাজের আগে সিলেটবাসীর কাছ থেকে বিদায় নিলেন সিলেটের জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।
নামাজের আগে বিদায়ী বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ২৬ মাস তিনি সিলেটের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছি। সকলের সহযোগিতার ফলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করতে তেমন কোন বেগ পোহাতে হয়নি। দায়িত্ব পালনকালে আমার আচরণে কেউ যদি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়ে থাকেন-তা হলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি যেন সারাজীবন মানুষের সেবক হিসাবে কাজ করতে পারি-আপনাদের কাছে এই দোয়াই প্রত্যাশা করি।
প্রসঙ্গত, গত ১০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মো: শহিদুল ইসলামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হিসাবে বদলী করা হয়। সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীনকে।
এর আগে গত ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম গণপ্রজাতন্ত্রী সরকারের যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন।
শহিদুল ইসলাম ২০১৩ সালের ৬ মে সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
