366
স্টাফ রিপোর্টার: এ বছর সিলেটে হচ্ছেনা আয়কর মেলা ।প্রতি বছর সারাদেশের ন্যায় সিলেটেও কর অঞ্চল সিলেটের উদ্যোগে আয়োজিত হত আয়কর মেলা। এবছর করোনা মহামারীর কারণে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক সিলেটেও আয়কর মেলা আয়োজন করা হচ্ছে না বলে জানান সিলেটে নবনিযুক্ত কর কমিশনার সাইফুল হক।

এ বিষয়কে সামনে রেখে আজ ১ নভেম্বর রবিবার বিকেলে কর অঞ্চল -সিলেটের নবনিযুক্ত কর কমিশনার সাইফুল হক সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
কর কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কর কমিশনার জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের আয়কর মেলা হচ্ছে না।
এমতাবস্থায়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক আয়কর মেলার আদলে কর অঞ্চলের প্রতিটি সার্কেলে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে করদাতাদের সেবা প্রদান করা হবে।এছাড়া কর অঞ্চল -সিলেটের নয়াসড়কস্থ ভবনের নীচতলায় একটি কর তথ্য ও সেবাকেন্দ্র চালু করা হয়েছে। এখানে একটি টীম মাসব্যাপী সেবাদানে নিয়োজিত থাকবে।
এসময় তিনি সিলেটে কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন আপনাদের বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে কর প্রদানে করদাতাদের আরো উৎসাহিত করবে বলে আমরা মনে করি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সায়ীদ সোহেল, যুগ্ম-কর কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী ও পঙ্কজ লাল সরকার, সদর দপ্তর প্রশাসনের কমিশনার মোঃ আবু সাঈদ প্রমুখ।
