২০২০ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬৩।
রবিবার সকালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতবারের তুলনায় এবার বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। ২০১৯ সালে সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ ছিল ২ হাজার ৭৫৭ জন।
এবছর সিলেট শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন। যার মধ্যে ৬৪ হাজার ৪৩৪ জন ছাত্রী ও ৪৯ হাজার ৯৭৩ জন ছাত্র। মোট পাশ করা শিক্ষার্থীদের সংখ্যায় ছেলেদের চেয়ে এগিয়ে ছিল মেয়েরা।
এবার মোট পাশ করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাশের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ।
হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাশের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।
মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ।
সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।
