ডেস্ক রিপোর্ট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষানবিশ নার্সদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা তদন্তে ঢাকা থেকে আসা তিন সদস্যের কমিটি তাদের তদন্ত কাজ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনেন। পৃথক বৈঠক করেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের সাথে। তদন্তকারী এ দলের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব মনিরুল ইসলাম। তার সাথে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা অধিদপ্তরের পরিচালক তাসলিমা খাতুন ও স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার তরফদার।
এদিকে তদন্ত চলাকালে চতুর্থ দিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেন। শিক্ষানবিশ চিকিৎসকদের শাস্তির দাবিতে তারা বিভিন্ন রকমের প্লেকার্ড নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন। বৃহস্পতিবারও তারা ক্লাস-পরীক্ষা এবং হাসপাতালে সেবাদান থেকে বিরত থাকেন।
তদন্ত দল দুপুর থেকে হাসপাতালের যে ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসক ও নার্সদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ওই ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলছেন। এছাড়া তারা হাসপাতালের স্টাফ নার্স, বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, নার্সিং কলেজের শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথেও কথা বলেন।
প্রসঙ্গত, গত রবিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কথা কাটাকাটির জের ধরে শিক্ষানবিশ নার্সদের উপর হামলা চালান শিক্ষানবিশ চিকিৎসকরা।
ওসমানী হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মিজানুর রহমান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
