ন্যাশনাল ডেস্ক: রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল ও যুক্তরাজ্যের ওয়াইকম হসপিটালের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি ও যুক্তরাজ্যের বার্কিংহামশায়ার হেলথকেয়ার ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ট্রাস্ট পরিচালিত যুক্তরাজ্যের ওয়াইকম হসপিটালের পক্ষে ব্রেস্ট ইউনিটের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ড. এসকে ফরিদ আহমদ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেস্ট ইউনিট এন্ড রিসার্স সেন্টার (একেএমবিউআরসি) একটি ওয়ান স্টেপ ব্রেস্ট ক্লিনিক প্রতিষ্ঠা করবে। স্তন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে একটি নিবেদিনপ্রাণ ব্রেস্ট ইউনিট ও গবেষণা চালুর জন্য আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল প্রথমবারের মতো এই পদক্ষেপ নিয়েছে। এই হাসপাতালের ব্রেস্ট ইউনিট যুক্তরাজ্যের মতোই উন্নত প্রযুক্তি সম্পন্ন চিকিৎসা সুবিধা প্রদান করবে।
ড. এসকে ফরিদ আহমেদ ১৯ বছর ধরে যুক্তরাজ্যের হাসপাতালগুলােতে চিকিৎসা দিচ্ছেন। তিনি ৪০ দিন পরপর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখবেন। আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেস্ট ইউনিটের প্রতিষ্ঠাতা ড. আলি নাফিসাসহ অনেক সার্জনকে প্রশিক্ষণ দিয়েছেন ড. এসকে ফরিদ আহমেদ।
প্রসঙ্গত, ড. আনোয়ার হোসেন খান এমপি একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি সর্বোপরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষা প্রদানে অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।


