আগুন সন্ত্রাসের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ, মিছিল ও সমাবেশ

by News Room

শাবিপ্রবি প্রতিনিধি : সারাদেশে পেট্রোলবোমা দিয়ে সাধারণ মানুষ আর জঙ্গি হামলা চালিয়ে ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে।
আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ‘পেট্রোলবোমা সহ সকল সহিংসতার অবসান হোক’ এ স্লোগান নিয়ে শনিবার সকাল ১১টায় ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আয়োজন করে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গ্রণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া। এরপর একটি বিরাট মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচে। এতে বক্তৃতা করেন শাবিপ্রবির উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল ইসলাম দিপু, শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. কবির হোসেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম, মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চ্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক আকতারুল ইসলাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদের আহ্বায়ক ড. সাজেদুল করিম প্রমুখ। সভাপতিত্ব করেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী সাদেক। আর সহ সভাপতি মোজাহিদুল ইসলাম টিটো এ কর্মসূচি পরিচালনা করেন।
এদিকে ঢাকায় ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার এ জায়গায় ফিরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান জনপ্রিয় বিজ্ঞান লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও ইংরেজি বিভাগের শিক্ষক ড. হিমাদ্রি শেখর রায়। সুদীপ্ত বিশ্বাস কর্মসূচি পরিচালনা করেন।
তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করে বলেন, বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র্র বানানোর হীন উদ্দেশ্যেই একটি চক্র এ ধরনের হত্যা ও নাশকতায় মেতে উঠেছে।
তারা এই চক্রের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি এবং প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

You may also like

Leave a Comment