অপরিকল্পিত ড্রেনে কানাইঘাটের ‘চতুল বাজারে’ জনদুর্ভোগ

by News Room

জুনায়েদুর রহমান:সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে অপরিকল্পিত ড্রেনের কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। দরবস্ত-কানাইঘাট রোডের দু’পাশে অবস্থিত এ বাজারটির উপর নির্ভরশীল প্রায় তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। অথচ এলাকার জনগুরুত্বপূর্ণ এ বাজারের প্রধান সড়কের উভয় পাশে দেওয়া হয়েছে অপরিকল্পিত ড্রেন। যার নেই কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে ড্রেনে নিয়মিত জমা হচ্ছে বাজারের বর্জ্য পদার্থ। কিন্তু এসব বর্জ্য পরিষ্কারের যথাযথ কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সরজমিনে ঘুরে দেখা যায়, বাজারের দক্ষিণ দিকে দরবস্ত-কানাইঘাট রোডের দুই পাশেই এই ড্রেন গুলো অবস্থিত। বিগত বছর মূল সড়কটির কাজ সমাপ্ত হবার পর পরই এই ড্রেন গুলো নির্মাণ করা হয়। এতে নিয়মিত বাজারের বর্জ্য এসে জমা হচ্ছে, এছাড়া দূষিত পানিতে ড্রেন ভরে গিয়েছে। ড্রেনের কারণে প্রতিনিয়ত বাজারের মূল সড়কে দেখা দিচ্ছে যানজট। সড়কটির দুই দিক হতে একই সাথে দু’টি গাড়ি ক্রস করতে মারাত্নক অসুবিধা হয়। তার অন্যতম কারণ হল রাস্তার পাশের অবৈধ সিএনজি, লেগুনা, রিক্সা ইত্যাদি গাড়ি পার্কিং। একদিকে ড্রেনের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে আসা আবার এই সংকীর্ণ রাস্তায় গাড়ি পার্কিং এর কারণে সৃষ্টি হচ্ছে যানজট।

এত সমস্যা থাকার পরও তা যেন দেখার মতো কেউ না। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কথা বললে তারা এই ড্রেন গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, কয়েক যুগের পুরোনো বাজারটি এত অপরিষ্কার কখনো ছিল না। শুধু মাত্র ড্রেনের কারণে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে, এরই সাথে নিয়মিত যানজট তো আছেই।

এ বিষয়ে চতুল বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নিরদ রায় দাসের সাথে কথা বললে তিনি বলেন, তিনি সহ ব্যবসায়ী সমিতি এই অবস্থা নিরসনে যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি আরো বলেন, বাজার লিজ যারা নিয়েছেন তাদেরই মূলতো বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব। পরে চতুল বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আবুল হোসাইন চতুলী চতুল বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা হারুনুর রশীদ কে এই বিষয়ে যথাযথা পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। কিন্তু ড্রেন থাকার কারণে বাজারে যানজটের কোনো সমাধান তারা দিতে পারেন নি।

এলাকাবাসী এবং চতুল বাজার ব্যবসায়ীদের প্রত্যাশা অচিরেই ড্রেন এর কারণে সৃষ্ট সমস্যার সুষ্ঠ সমাধান হবে।

You may also like

Leave a Comment