নিউজ ডেস্ক: ‘এক মাসের মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তার নির্মাণ কাজ শুরু না হলে ভোলাগঞ্জ থেকে সব ধরণের পাথর পরিবহন বন্ধ করে দেওয়া হবে।’ শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জের এক যুব সমাবেশে এ হুশিয়ারী উচ্চারণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা।
লাছুখাল যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নাসরিন জাহান বলেন, ‘ভোলাগঞ্জের পাথর দেশের অধিকাংশ রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত হলেও দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘সাড়ে ৪ হাজার কোটি টাকার প্রকল্প পদ্মা সেতু ভোলাগঞ্জের পাথর দিয়েই নির্মিত হবে। অথচ এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নে কারো মাথাব্যথা নেই।’
নাসরিন জাহান হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘এক মাসের মধ্যে যদি রাস্তার সংস্কার ও মহাসড়কে উন্নীত করার কাজ শুরু করা না হয় তাহলে সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে কোম্পানীগঞ্জকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পাথর পরিবহন বন্ধ করে দেওয়া হবে।’
ব্যবসায়ী হাজী উমর আলীর সভাপতিত্বে ও যুবনেতা মিজানুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সিলেট অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক চুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মলাই, এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার, সাবেক ইউপি সদস্য মইন উদ্দিন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইউপি সদস্যা নাছিমা বেগম, মনফর আলী, আবুল হাশেম, নুরুল হক প্রমুখ।
