ওয়েছ খছরু, সিলেট থেকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাকে সাড়া দিয়ে সিলেট থেকে ঢাকা যাচ্ছেন বিএনপিসহ ১৮ দলীয় জোটের প্রায় ১৫ হাজার নেতাকর্মী। গতকাল সকাল থেকে সিলেট থেকে সড়ক ও রেলপথে তারা ঢাকা যাওয়া শুরু করেছেন। তবে গ্রেপ্তার এড়াতে কোন ঢাক-ঢোল পিটিয়ে দল বেঁধে নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন না। নিজ নিজ উদ্যোগে নেতাকর্মীরা ঢাকা পৌঁছানো শুরু করেছে। সিলেট বিএনপির কয়েকজন সিনিয়র নেতা গতকাল জানিয়েছেন, ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ডাক দেয়ার পর থেকে সিলেটে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। গত তিন দিনে সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এদিকে, বেগম খালেদা জিয়ার কর্মসূচিকে স্বাগত জানিয়ে গতকাল নগরীতে মিছিল করেছে বিএনপি। হামলা, মামলা ও গ্রেপ্তারে জর্জরিত সিলেটের বিরোধী শিবির। সিনিয়র নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে ঘরছাড়া। এর মধ্যে কারও কারও নামে ঝুলছে একাধিক মামলা। নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার পর থেকে সিলেটে গড়ে ওঠা আন্দোলন দিয়েই মামলা শুরু হয়। সিলেট বিএনপির সিনিয়র নেতাকর্মীরা সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা হওয়ার আগেই ইলিয়াস ইস্যুতে মামলায় বিপর্যস্ত হয়ে পড়েন। প্রায় ৩ শতাধিক নেতাকর্মী ওই সময় কারাবরণ করেন। ইলিয়াস ইস্যুকে উজ্জীবিত রেখেই সিলেটে সরকারবিরোধী আন্দোলন শুরু করে বিএনপিসহ ১৮ দলীয় জোট। এরই মধ্যে সিলেটে বিরোধী শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ২৫টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে বেশির ভাগই অস্ত্র ও বিস্ফোরক সংক্রান্ত। এছাড়া টানা ৫বারের অবরোধে নগর ও নগরের বাইরের এলাকায় কমপক্ষে দেড় শতাধিক বিএনপি ও জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তবে, মাঠে রাজনীতি থেমে নেই। সিলেটে সরকারবিরোধী আন্দোলন অগ্রণী ভূমিকা রাখছেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গফফার, মহানগরের সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইনসহ অনেক সিনিয়র নেতা। এই আন্দোলনে ইতিমধ্যে মামলার আসামি হয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট শামসুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী পংকি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদসহ অনেক সিনিয়র নেতা। আর অবরোধ আন্দোলনে এবার সিলেটে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জামান। সিলেট শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল রাজ্জাককে নিয়ে তিনি প্রতিদিনই শোডাউন দিচ্ছেন নগরীতে। এই অবস্থায় সিলেটে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয়ায় সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন, সিলেট জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও সিলেট মহানগর বিএনপির সভাপতি এমএ হক। তারা জানান, আন্দোলনের জন্য অপেক্ষায় সিলেট বিএনপির নেতাকর্মীরা। রোড ফর ডেমোক্রেসি ডাকে সিলেট থেকে গতকাল সকাল থেকে নেতা-কর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সিনয়ির যুগ্ম সম্পাদক এডভোকেট শামসুজ্জামান জামান জানিয়েছেন, কোন বাধাই সিলেটের নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। সিলেট থেকে মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৫০০০-৭০০০ কর্মী ঢাকায় যেতে শুরু করেছেন। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের ঢাকায় যাওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয়ার পর থেকে সিলেটের নেতারা চাঙ্গা হয়ে উঠেছেন। গতকাল সিলেটে এই কর্মসূচি সফল করতে প্রচার মিছিল করা হয়েছে। আর এতে নেতা-কর্মীদের ঢল নেমেছিল। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুুল আহাদখান জামাল জানিয়েছেন, সিলেট বিভাগে ছাত্রদলের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রচার মিছিল করা হয়েছে।
বিএনপি’র বিক্ষোভ শেষ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। গতকাল বিকালে নগরীর কোর্ট পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, এই সরকারের বিরুদ্ধে মানুষ অবস্থান নিয়েছে। কোন দমনপীড়ন চালিয়ে বিরোধীদলীয় নেত্রীর কর্মসূচি বানচাল করা যাবে না। সমাবেশে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপি সভাপতি এমএ হক, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, জেলার সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, মহানগরের যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেকসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
আজ মুক্তিযোদ্ধাদল ও স্বেচ্ছাসেবক দলের প্রচার মিছিল
মার্চ ফর ডেমোক্রেসি আন্দোলনে শরিক হওয়ার দাওয়াত দিতে আজ সিলেটে মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা। আর এই কর্মসূচি পালনের পর নেতাকর্মীরা ঢাকার যাওয়া শুরু করবেন। এদিকে, আগামী রোববার সিলেটের নেতাকর্মীরা ঢাকার কোন এক প্রবেশ মুখে অবস্থান নেবেন। ওখান থেকে দল বেঁধে তারা বেগম খালেদা জিয়ার সমাবেশে হাজির হবেন বলে জানান নেতারা। মানবজমিন ২৭ ডিসেম্বর ২০১৩, শুক্রবার
প্রস্তুত সিলেটের ১৫০০০ কর্মী
167
