গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আজকের বিজয় দিবসের কর্মসূচি বর্জন করলো স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম সেখানে উপস্থিত হলে তারা অনুষ্ঠান বর্জন করবেন মর্মে উপজেলা নির্বাহী অফিসার আসাদুল হককে লিখিতভাবে জানিয়ে দেন।
জানা গেছে, সকালে উপজেলা প্রশাসন আয়োজিত প্যারেড ও সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন। তবে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধারা সেখানে যাননি। তবে, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে আজ সকাল ৯টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, সকাল ১০টায় সুন্দিশাইল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও বেলা ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। একই স্থানে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার শফিকুর রহমান লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম জামায়াতের ইসলামের আমীর। তাই তার উপস্থিতিতে অনুষ্ঠান হলে তাতে মুক্তিযোদ্ধারা তাতে যোগদান করবে না।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম জানিয়েছিলেন, অন্যান্য বারের মত এবারও বিজয় দিবস পালনের অংশ হিসাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে উপজেলা পরিষদের পক্ষে আমি প্রস্তুত রয়েছি। আমি আশাকরি বরাবরের ন্যায় এবারও সকল ভেদাভেদ ভুলে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ আয়োজিত সকল অনুষ্ঠানে যোগদান করবেন। অবশ্য, শেষ পর্যন্ত তিনিও উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে হাজির হননি।
গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
219
previous post
